Tranding
জাতীয় খবর / September 25, 2025

জলবন্দি শহর আর নদীগ্রাসে গ্রাম — আমরা কি সত্যিই সজাগ?

কলকাতা বরাবরই একটি নিচু জায়গা — ভৌগোলিক অবস্থান অনুযায়ী, সমুদ্রতল থেকে শহরের অনেক অংশ মাত্র দেড় মিটার উঁচু। বর্ষাকালে গঙ্গা ভরা থাকলে, শহরের বৃষ্টির জল গঙ্গায় নিষ্কাশিত হতে পারে না। সেইসঙ্গে, অতিরিক্ত জনবসতি আর অনিয়ন্ত্রিত নির্মাণ কাজ শহরের পরিকাঠামোকে আরও জর্জরিত করে তুলেছে।

পুকুর-জলাভূমি বুঁজিয়ে গড়ে উঠছে একের পর এক বহুতল। রাস্তা দখল হয়ে সংকীর্ণ, ড্রেনজ ভর্তি প্লাস্টিক — স্বেচ্ছাচারী নাগরিকদের অবহেলার ফলেই শহর আজ জলমগ্ন। টানা পাঁচ-ছয় ঘণ্টা বৃষ্টিতে জল দাঁড়িয়ে যাচ্ছে — কারণ সেই জল যাওয়ার জায়গাই আর নেই!

আমরা ফেসবুকে ছবি পোস্ট করি, ভিডিও করি, আর মজাও করি। কেউ কেউ সরকারকে দোষ দিচ্ছেন — কেউ বলছেন, ‘কলকাতা লন্ডন হয়ে গেছে’। আবার রাজনৈতিক দলগুলির সমর্থকেরা পোস্টে মন্তব্য করছেন, ‘২০২৬-এ এদের হঠাও’।

তবে সরকারও কি পুরো দায় এড়াতে পারে? না। কলকাতার পরিকাঠামো উন্নয়নে বহু জায়গায় ব্যর্থ হয়েছে সরকার — যা পরিকল্পনা নেওয়া উচিত ছিল, তা হয়নি বা অসম্পূর্ণ রয়ে গেছে।

তবু প্রশ্ন একটাই — ডবল ইঞ্জিন সরকার যেখানে আছে, সেখানে কি জল জমে না? মুম্বাই, দিল্লি, পাটনা, চেন্নাই, হায়দ্রাবাদ, গুয়াহাটি — কোন শহরে বৃষ্টি হলে জল জমে না? এসব শহরের ভয়াবহ জলপ্লাবনের ছবি আমরা দেখেছি।

কিন্তু শহুরে জলবন্দি অবস্থায় হাহাকার করার সময়, আমরা ভুলে যাই — নদীভাঙনের শিকার হাজার হাজার মানুষের কথা। পদ্মা-ভাগীরথীর তাণ্ডবে গ্রাম, মাঠ, ঘরবাড়ি, ফসল — সবকিছু হারিয়ে তারা খোলা আকাশের নিচে রাত্রিযাপন করছে। এই দুঃখ তাদের জীবনে স্থায়ী ক্ষতের মতো থেকে যাবে।

সুতরাং, কেবল অভিযোগ নয় — আসুন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আমরা নাগরিক হিসেবে দায়িত্ব নিই। সচেতন হই, সচেতন করি — কিভাবে শহরকে রক্ষা করা যায়, পরিবেশ বাঁচানো যায়, মানুষকে রক্ষা করা যায়। সরকারের পাশে দাঁড়ানোও একপ্রকার দেশসেবা।

Trusted source for latest breaking news, headlines, and updates from around the world.

© Your Bango Darpan News. All Rights Reserved.