মাধ্যমিক পাশ বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক ভাতা, রাজ্য বাজেটে নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’
মাধ্যমিক পাশ করা রাজ্যের বেকার যুবক ও যুবতীদের জন্য নতুন মাসিক ভাতা প্রকল্পের ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার বিধানসভায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য বাজেট পেশ করার সময় এই নতুন প্রকল্পের কথা জানান। প্রকল্পটির নাম ‘বাংলার যুবসাথী’।
বাজেট প্রস্তাব অনুযায়ী, পশ্চিমবঙ্গের যেসব যুবক-যুবতী মাধ্যমিক পাশ করার পর এখনও কর্মসংস্থান পাননি, তাঁরা এই প্রকল্পের আওতায় আসবেন। যোগ্য উপভোক্তাদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এই ভাতা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত পাওয়া যাবে।
সরকারি ঘোষণায় জানানো হয়েছে, ২১ বছর বয়স পূর্ণ হওয়ার পর থেকে ৪০ বছর বয়স পর্যন্ত এই প্রকল্পের সুবিধা মিলবে। আগামী ১৫ অগস্ট ২০২৬ থেকে ‘বাংলার যুবসাথী’ প্রকল্প চালু হওয়ার কথা। তবে প্রকল্প চলাকালীন কেউ চাকরি পেয়ে গেলে তাঁর ভাতা বন্ধ হয়ে যাবে।
বাজেটে আরও বলা হয়েছে, উচ্চশিক্ষার জন্য রাজ্য সরকার বা অন্য কোনও সংস্থার স্কলারশিপ (বৃত্তি) যাঁরা পাচ্ছেন, তাঁরাও এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন। অর্থাৎ বৃত্তি পাওয়া এই ভাতার ক্ষেত্রে কোনও বাধা হবে না।
এই প্রকল্প বাস্তবায়নের জন্য ২০২৬–২৭ অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে বাজেট ভাষণে জানানো হয়েছে।
উল্লেখ্য, বর্তমানে রাজ্যে বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুবশ্রী’ নামে একটি প্রকল্প চালু রয়েছে। সেখানে অষ্টম শ্রেণি উত্তীর্ণ ও ১৮ বছর বয়স হলেই এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করে মাসিক ভাতা পাওয়া যায়। নতুন ‘বাংলার যুবসাথী’ প্রকল্পে বিশেষভাবে মাধ্যমিক পাশ বেকার যুবক ও যুবতীদের উপর জোর দেওয়া হয়েছে।